নতুন ওয়েব অ্যাপ প্রযুক্তিতে জোটবদ্ধ মাইক্রোসফট, গুগল
ওয়েবকে আরও সক্ষম অ্যাপ প্ল্যাটফর্ম বানাতে জোটবদ্ধ হয়েছে দুই প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট ও গুগল। ওয়েব অ্যাপ্লিকেশনে নতুন ধারণা দিয়ে জোটবদ্ধ হয়ে কাজ করছেন মাইক্রোসফটের পিডব্লিউএবিল্ডার এবং গুগলের বাবলর্যাপ।
প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ (পিডব্লিউএ) প্লে স্টোরে আনতেই এই জোট বলে জানিয়েছেন মাইক্রোসফটের জুডা গেব্রিয়েল হিমাংগো। নতুন ওয়েব প্ল্যাটফর্ম ফিচারের জন্য গুগলে প্রজেক্ট ফুগুর সঙ্গেও কাজ করছেন তিনি।
বর্তমানে বাবলর্যাপকে ব্যবহার করছে পিডব্লিউএবিল্ডার। মাইক্রোসফট বলছে, অ্যান্ড্রয়েডের পিডব্লিউএ’র জন্যও কিছু সমন্বিত ফিচার এসেছে এই অংশীদারিত্বের কারণে।
কয়েক মাস একসঙ্গে কাজ করে পিডব্লিউএ ডেভেলপারদের জন্য দারুণ দুইটি ফিচার উন্মুক্ত করেছে তারা। এগুলো হলো- ওয়েব শর্টকাট সমর্থন এবং উন্নত অ্যান্ড্রয়েড ফিচার ও কাস্টমাইজেশন।
উচ্চমানের পিডব্লিউএ বানাতে এবং সেগুলো অ্যাপ স্টোরে প্রকাশে সহায়তা করে মাইক্রোসফটের ওপেন সোর্স ডেভেলপার টুল- পিডব্লিউএবিল্ডার।
আর ওয়েব অ্যাপের বেশিরভাগ ডেটা ডিভাইসে মজুদ থাকে পিডব্লিউএ অ্যাপে। অনলাইন থেকে ডেটা লোড হয় কম। ফলে প্রথাগত ওয়েব অ্যাপ্লিকেশনের চেয়ে এই অ্যাপগুলোর গতি বেশি হয়। অনেকটা নেটিভ অ্যাপের মতোই অভিজ্ঞতা পাওয়া যাবে প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ্লিকেশনে।